নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। ঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, তার ছিঁড়ে যাওয়া এবং মিটার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে মোট ২৭টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এছাড়া প্রায় ৩৫০ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং ৫৫০টি মিটার নষ্ট হয়েছে।
এতে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে, ফলে অন্ধকারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায়ও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন ও সরঞ্জাম দ্রুত মেরামতের কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন, যাতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে।






