নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খুরুশিয়া এলাকায় জমির জালের বেড়া ছেড়া ও চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক বাসিন্দা।
অভিযুক্তরা হলেন একই এলাকার ১) মোঃ জাফর ওরফে বার্মাইয়া জাফর, ২) জাফরের স্ত্রী রেখা বেগম, ৩) জাফরের মেয়ে জেরিন আকতার ও ৪) তার ছেলে জিহান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম খুরুশিয়া এলাকার বাসিন্দা মোঃ ইউনুছ দীর্ঘদিন ধরে নিজ বসতভিটার পাশে বর্গায় জমিতে চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি জমির সীমানা নির্ধারণ ও জালের বেড়া স্থাপন ও চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ৮ মে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন পরিবারের সদস্যরা। এসময় তার মা ও স্ত্রীকেও মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলায় পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থলে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বাড়ির পাশে তারা চাষাবাদ করে। বিভিন্ন সময় আমাদের গালিগালাজ করা হয়। ঘটনার দিন আমার ছেলে তাদের জালের বেড়ার বিষয় নিয়ে বাড়ির সামনে দিয়ে চলাচল না করার কথা বললে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি ও মহিলাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।”
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ধান কাটা ও চলাচলের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। বর্তমানে বিষয়টি মীমাংসাধীন রয়েছে।







