নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে তাদের সীতাকুণ্ড ও পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া থানা এলাকার বিভিন্ন স্থান থেকে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের অভিভাবকরা রাঙ্গুনিয়া মডেল থানায় যথাক্রমে জিডি নং-১৮৪ ও ১৮৫ মূলে সাধারণ ডায়েরি দায়ের করেন।
পরবর্তীতে থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান তদন্ত কার্যক্রম শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১০ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে জিডি নং-১৮৪ এর ভিকটিমকে সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকা থেকে উদ্ধার করা হয়। অপরদিকে, জিডি নং-১৮৫ এর ভিকটিমকে পঞ্চগড় জেলা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দুই ছাত্রীকে সুস্থ অবস্থায় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানায়, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে তারা সর্বদা তৎপর রয়েছে।






