নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের যাতায়াতের রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি হওয়ায় প্রকল্পের কাজ সম্পন্ন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে প্রায় ৪৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা।
এ পরিস্থিতিতে সমস্যা সমাধানে স্থানীয়দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে হোসনাবাদ ইউনিয়নের লাল শাহ নগর এস. কে. চৌধুরী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষ পূর্বের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় নির্মাণকাজ শুরু থেকেই বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ঠিকাদার, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নির্মাণ সামগ্রী পরিবহনেও সমস্যা সৃষ্টি হচ্ছে।

জানা যায়, ২০২৩ সালে প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে ক্লিনিকটির নির্মাণকাজ শুরু হয়। তবে রাস্তা নিয়ে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। এতে হোসনাবাদ ও আশপাশের ইউনিয়নের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সম্ভাব্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

প্রশাসনের উদ্যোগে বিকল্প রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটিও নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং একাধিকবার উদ্যোগ নিয়েও কাজ পুরোপুরি শুরু করা যায়নি।
মতবিনিময় সভায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি জনস্বার্থমূলক প্রকল্প অল্প কিছু ব্যক্তির কারণে থমকে আছে। তারা দ্রুত সমস্যার সমাধান, দোষীদের শাস্তি এবং ক্লিনিক নির্মাণকাজ পুনরায় শুরুর জোর দাবি জানান।
এলাকাবাসীরা আরও বলেন, “প্রতিটি গ্রামে আধুনিক কমিউনিটি ক্লিনিক” স্থাপনের সরকারি লক্ষ্য বাস্তবায়নে এ প্রকল্প দ্রুত সম্পন্ন করা জরুরি। এজন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।






