নিউজ ডেস্ক: পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি রঙিন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এটি চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে রঙিন ব্যানার, ফেস্টুন এবং গ্রামীণ জীবনধারার নানা উপকরণ বহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী সামাঞ্জার শ্যামা খান। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, নৃত্য, নাটিকা ও আবৃত্তির মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
একইসঙ্গে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন স্টলে দেশীয় খাবার, কেকসহ নানা পণ্যসামগ্রীর সমাহার দেখা যায়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের পান্তা ভাত, আলু ও শুটকি ভর্তা এবং মাছ ভাজা দিয়ে আপ্যায়ন করা হয়।






