নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মদ উদ্ধারের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ১৮ এপ্রিল রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেজামশাহ পাড়ার পূর্ব পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ইটভাটা (ব্রিকফিল্ড) এলাকা থেকে রাঙ্গুনিয়া থানা পুলিশ প্রায় ৫৭০ লিটার দেশীয় মদ উদ্ধার করে।
এ ঘটনায় সংবাদ প্রকাশ করে স্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম “রাঙ্গুনিয়া টিভি”র ফেসবুক পেজ। সংবাদটি প্রকাশের পর এর জেরে ২১ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৩৭ মিনিটে ০১৮৭৯-১৬৭৭২২ নম্বর থেকে আলমগীর নামের এক ব্যক্তি “রাঙ্গুনিয়া টিভি”র অ্যাডমিন ও সাংবাদিক জাকেরুল ইসলাম জাকেরকে ফোন করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ফোনালাপে অভিযুক্ত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ প্রকাশের কারণে তার এলাকার বদনাম হয়েছে দাবি করে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। টাকা না দিলে এলাকায় গেলে জবাই করে হত্যার পর লাশ রাস্তায় ফেলে রাখার হুমকিও দেন তিনি।
অভিযুক্ত আলমগীর ইসলামপুর ইউনিয়নের নেজাম শাহ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হনিফের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






