নিউজ ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাঙ্গুনিয়া উপজেলা শাখা। বুধবার (১ মে) সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি শেষে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

উপজেলা শাখার সেক্রেটারি তাসলিম উদ্দীন-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন।
সমাবেশে বক্তারা রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—
১. শিল্পায়ন ও কর্মসংস্থান: চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম), কর্ণফুলী জুট মিল এবং ফোরাত মিল দ্রুত পুরোদমে চালু করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এসব শিল্প প্রতিষ্ঠান চালু হলে হাজার হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
২. জ্বালানি সংকট নিরসন: রাঙ্গুনিয়ার প্রায় ২৫ হাজার সিএনজি চালকের দুর্ভোগ লাঘবে ইছাখালীস্থ বন্ধ সিএনজি ফিলিং স্টেশন দ্রুত চালু করার দাবি জানানো হয়।
৩. চাঁদাবাজি বন্ধ: কাপ্তাই সড়কের বিভিন্ন পয়েন্টে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তালেব, শিক্ষাবিদ মাষ্টার মুহাম্মদ জামাল উদ্দিন, পৌর শ্রমিক উপদেষ্টা আজম ওমর, দক্ষিণ রাজানগর শ্রমিক উপদেষ্টা অ্যাডভোকেট ফরহাদ আলম, পোমরা ইউনিয়নের অধ্যাপক জসীমউদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়নের আজিম উদ্দিন, শিলক ইউনিয়নের হামিদুর রহমান, শ্রমিক নেতা এরশাদুল ইসলাম চৌধুরী, সেলিম, মোজাম্মেল, জামাল উদ্দিন, সিএনজি চালক নেতা এরশাদ ও নেজামুল্লাহসহ অনেকে।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব নয়। তারা শ্রমিকদের কর্মসংস্থান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সবশেষে উপজেলা শ্রমিক কোষাধ্যক্ষ মিজানুর রহমান রাজুর ব্যবস্থাপনায় র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত শ্রমিক ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।






