নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে অবৈধভাবে পাহাড় ও আবাদি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের বগাবিলি এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে একটি এস্কেভেটর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। এসময় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি চৌকস টিম প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগাবিলি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির মাটি কাটছিল। এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। পরে যন্ত্রটির ব্যাটারি খুলে নিয়ে যায় প্রশাসন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, পরিবেশ ধ্বংস ও কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।






