নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ Oman-এর আল মিলিদ্দা আল মোছানা, স্টেট অব আল বাতিনাহ এলাকায় পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে রাঙ্গুনিয়ার চার সহোদর ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ওমান পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বুধবার (১৩ মে) সকালে গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার Lalanagar Union-এর ৫ নম্বর ওয়ার্ডের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের চার ছেলে— মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪)।
ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, ছোট দুই ভাই সিরাজ ও শহিদের দেশে ফেরার কথা ছিল বুধবার রাতেই। দেশে এসে বিয়ে করবেন— এমন পরিকল্পনা নিয়ে তারা চার ভাই মিলে কেনাকাটার উদ্দেশ্যে গাড়িতে করে বের হন। পথে একটি পার্কিং এলাকায় গাড়ি চালু অবস্থায় থাকাকালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস বিস্ফোরণে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করেনি ওমান পুলিশ।
নিহতদের একমাত্র জীবিত ভাই মো. এনাম ও স্থানীয় বাসিন্দা মাওলানা ইদরিস জানান, রাশেদ ছিলেন দুই সন্তানের জনক এবং শাহেদও বিবাহিত ছিলেন। অন্যদিকে ছোট দুই ভাই সিরাজ ও শহিদ দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের দেশে ফেরার ফ্লাইটও ছিল বুধবার রাতেই।
চার সহোদরের একসাথে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মা, বড় দুই ভাইয়ের স্ত্রী ও সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক ও মাতম।






