নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ মে) বিকালে রাজার বাজার এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি রাজারহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে পদুয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে একটি ভিডিও প্রদর্শনী দেখানো হয়। ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত জনসাধারণের অংশগ্রহণে প্রশ্নোত্তর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তর প্রদানকারী দর্শকদের মধ্য থেকে ২০ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
পদুয়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা সমন্বয়কারীদের সহায়তায় আয়োজিত এ এনুয়েল ক্যাম্পেইনের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: সাজেদুল আনোয়ার ভূইয়া, উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া আহমেদ, উপজেলা সমন্বয়কারী মো: কবির, পদুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিন চৌধুরী, সাবেক মেম্বার, স্বাস্থ্য পরিদর্শক, এনাম ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সাধারণ মানুষের আইনি সহায়তা প্রাপ্তি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।






