নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ভবনের ভাড়া আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আবুল কাসেম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (২২ মে) রাতে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার একটি ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে ভবন মালিক আবদুল আলিমের পরিবারের সঙ্গে আবুল কাসেমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভবন মালিকের ছেলে সুমন ক্ষিপ্ত হয়ে আবুল কাসেমকে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও স্বজনরা দ্রুত তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








