নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জয়নগর এলাকায় এক নৃশংস গণধর্ষণের ঘটনা এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। মাত্র ১৫ বছর বয়সী কিশোরী রিকু আক্তারকে নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তিনজনে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
কিশোরীর পিতা বাদি হয়ে থানায় এজহার দায়ের করেছেন।
কিশোরীর পিতা ও বাদী মোঃ আব্দুল আলিম এজহারে উল্লেখ করেন“আমি গরু-ছাগল লালন-পালন করি, আমি একজন সাধারণ কৃষক।
গত সোমবার (২৪ মে) বিকালে বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে মোঃ বাদশা মিয়া নামের একজন তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়, এরপর মোবাইল ফোনে কল করে অপর দুই অভিযুক্ত সাইফুল ও মাহাবুবকেও ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরে তারা পালাক্রমে আমার মেয়েকে ধর্ষণ করে এবং ভয়াবহভাবে ভিডিও ধারণ করে। কাউকে কিছু বললে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং আমার পুরো পরিবারকে মেরে ফেলার ভয় দেখায়।”
স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে ইয়াবা ব্যবসা ও সেবনসহ নানা অপরাধের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি করেছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তাদের নোংরা কর্মকান্ডে অতিষ্ঠ।
ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা প্রধান আসামী মোঃ বাদশা মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা থেকে জানানো হয়, “আমরা দ্রুত তদন্ত শুরু করেছি এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। শিশু ও কিশোরদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। কাউকেই আইনের বাইরে রাখা হবে না।”
এ ঘটনায় স্থানীয় জনসাধারণ গভীর মর্মাহত ও ক্ষুব্ধ, তারা দ্রুত শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।







