নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে পানি চলাচল নিয়ে বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় মো. ওবাইদুল (পেশায় গাড়িচালক) নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া ব্রীজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানি চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে ওবাইদুলের ওপর গাছের বাটাম (লাঠি) দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচা বুদরুচ মিয়া এবং চাচাতো ভাই ইমরান ওরফে বাচ্চা ড্রাইভারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত আরও দুই ব্যক্তি—হাছান ও ইকবাল হোসেন—ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের মামাতো ভাই, প্রবাসী মোহাম্মদ নেজাম উদ্দীন (পশ্চিম পাহাড়, ব্রীজঘাটা, পদুয়া ইউনিয়ন, রাঙ্গুনিয়া) পলাতক দুই অভিযুক্তকে ধরিয়ে দিতে বা তাদের অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রাপ্ত তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।





