নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া ব্রীজঘাট এলাকায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ দুর্যোগে স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নানের বসতঘরসহ আশপাশের কয়েকটি পরিবারের বসতভিটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্তদের দুর্দশার খবর পেয়ে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, ১০নং পদুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। তারা ভাঙনকবলিত বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নানসহ বন্যাকবলিত অসহায় মানুষের হাতে নগদ মানবিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, ১০নং পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম জিহাদী, সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম আল কাদেরী, সহ-সভাপতি আনোয়ার ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গাউছিয়া কমিটির নেতারা বলেন, মানবসেবাই তাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে গাউছিয়া কমিটি বাংলাদেশ।
এদিকে, স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এলাকার অনেক পরিবার ক্ষতির মুখে পড়েছে। তারা দ্রুত ভাঙা বেড়িবাঁধ সংস্কার এবং স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।





