ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি লায়ন শওকত আলী নুর এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে নুরুল ইসলাম মেম্বার, জলিল মেম্বার, হাছান মেম্বার, আহমদুল হক, রাসেল হোসেন, মাহবুব আলম, আবু মুছা, জীবন দে, নাসির উদ্দিন রক্সি, আব্দুল আলম, খায়রুল, কামাল উদ্দিন, নাসির, জামাল উদ্দিন, জাহেদ চৌধুরী, সেলিম, জামাল, আবুল কাসেম (সও:), ডা. নাসের, মো. ফারুক, আবুল বশর, বাচা মিয়া, মো. তারেক, দিদার আলম, আমিনুল ইসলাম সাব্বির, সাহাব উদ্দিন ও নিশাতসহ গাউছিয়া কমিটি পদুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য জনসাধারণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক পরিচ্ছন্ন পদুয়া ও রাজারহাট। ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।





