নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা-য় বাসার ছাদ থেকে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামের এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়ন-এর শান্তিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দু পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর দাশ স্থানীয় বাসিন্দা রণী দাশের পুত্র। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুল-এর একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসার ছাদে জমে থাকা ময়লা ফেলতে গেলে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
অন্তর দাশের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত ভদ্র, নম্র ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তাঁর এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এদিকে, এ ঘটনায় এলাকাবাসী বসতবাড়ির আশপাশে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।








