নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন এলাকায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে উদ্যাপিত হওয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পূজা উদ্যাপন কমিটি।
সম্প্রতি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। এ বছর দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় সর্বমোট ৫৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. দয়াল হরি শীল, সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, ডা. বটন কান্তি দাশ, রাজু দাশ, ডা. যুগল আচার্য্য, প্রিয়তোষ চৌধুরী, দিলীপ শীল ও বিপ্লব চৌধুরী।
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।




