নিউজ ডেস্ক: চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের সাপছড়ি টার্নিং পয়েন্টে পাহাড়িকা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাঙ্গামাটিগামী বাসটি আজ দুপুরে এই দুর্ঘটনার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হওয়া পাহাড়িকা বাসটি সাপছড়ির অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আঁকাবাঁকা টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তীব্র গতির কারণে বাসের চাকা পিছলে যায় এবং গাড়িটি সড়কের পাশে উল্টে ধাক্কা খেয়ে আটকে যায়। দুর্ঘটনার পর পরই বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিৎকার শুরু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের সহায়তায় বাসের জানালা ও দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে,বেশ কয়েকজন যাত্রী কম-বেশি আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাপছড়ির এই টার্নিং পয়েন্টটি অত্যন্ত বিপজ্জনক। প্রায়শই এখানে দূরপাল্লার গাড়িগুলো অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
পাহাড়িকা বাসের এই দুর্ঘটনার পেছনেও চালকের অতিরিক্ত গতি এবং অসতর্কতাকে দায়ী করছেন তারা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে এবং ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।








